সৎ সাংবাদিকতাকে অসৎ ও অপসাংবাদিকতা থেকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “জনগণের অধিকার হলো সঠিক তথ্য পাওয়া। কোনো অপতথ্য বা ভুল তথ্য যেন মানুষের কাছে না পৌঁছায়, সেদিকে সাংবাদিকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে।” তিনি আরও বলেন, সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করতে হবে এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করতে হবে।
এ সময় তিনি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, তারা যেন পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করেন এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. সুলতান আহমেদ।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন প্রেসক্লাবের জন্য ৮ শতক জায়গা বরাদ্দ ও ভবন নির্মাণের দাবি জানান। পাশাপাশি মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, মেডিকেল কলেজ স্থাপন এবং এলাকার সড়ক উন্নয়নের বিষয়ও তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :