স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা জানালেন মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা জানালেন মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকদের দেওয়া কিছু পরামর্শ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাই গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তৃণমূল পর্যায়ের এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে।

সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সরকারি কর্মসূচি বাস্তবায়ন আরও কার্যকর করতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার ব্যবস্থার যোগাযোগ কাঠামো দুর্বল হয়েছে এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে, কারণ জনগণই দেশের মালিক। এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের মধ্যে মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার করা হবে।