
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হবে এবং এটি সম্পন্ন হতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময়সূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে প্রশাসনিক কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্থানীয় সরকার কাঠামো অপরিবর্তিত রেখে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো কোনো ঘটনায় অভিযোগগুলো গুরুতর প্রকৃতির। তবে বর্তমান সরকারের লক্ষ্য হলো—অন্যায়ভাবে কোনো সাংবাদিক যেন কারাগারে না থাকেন, তা নিশ্চিত করা।
তিনি আরও জানান, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব এখনো রয়েছে এবং এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে আছে। শিশুদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, হামের টিকা কার্যক্রমে প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩০০ শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিশু মৃত্যুর মতো ঘটনা কেউই চায় না, সরকারও এ বিষয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে টিকা কার্যক্রমে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে তিনি আশ্বস্ত করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুরো টিকাদান কার্যক্রম ও সংশ্লিষ্ট ঘটনাগুলো সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :