
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ মে ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী দল হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। তারা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
পরে রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে একইদিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়। তারা খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :