টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রি এবং নিম্নমানের মবিল বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বড়চওনা বাজারের ‘মেসার্স আল-আমিন পার্টস কর্ণার’-এ অনিয়মের সত্যতা পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির মালিক মো. আল-আমিন অবৈধভাবে পেট্রোল বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল সংগ্রহ করে তা প্রতি লিটার ২০০ টাকা দরে বিক্রি করতেন, যাতে জরুরি প্রয়োজনে ক্রেতারা সুবিধা পান।
অভিযানের সময় দোকান থেকে ছয়টি কোম্পানির নিম্নমানের বোতলজাত মবিল জব্দ করা হয়। এসব পণ্যে কোনো বৈধ অনুমোদন, উৎপাদন তথ্য বা মেয়াদ উল্লেখ না থাকায় সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ধরনের মবিল যানবাহনের ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
পরে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করা হয় এবং অবৈধ কার্যক্রমের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিনে বড়চওনা বাজারের ‘স্বপ্ন ফার্মেসি’ নামে একটি পশু চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে কিছু অনিয়মের অভিযোগে দুটি ওষুধ জব্দ করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় মালিক ও পশু চিকিৎসক আব্দুল হালিমকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :