শার্শায় বোরো ধান কাটার উৎসব, সোনালী ফসলে হাসছে কৃষকের মুখ


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
শার্শায় বোরো ধান কাটার উৎসব, সোনালী ফসলে হাসছে কৃষকের মুখ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম, যা ঘিরে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। মাঠজুড়ে এখন কৃষকদের ব্যস্ততা—ধান কাটা, মাড়াই এবং ঘরে তোলার কাজে দিন-রাত পরিশ্রম করছেন তারা।

বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালী ধানের সমারোহে আনন্দিত স্থানীয় কৃষকরা। ভালো ফলনে খুশির ঝিলিক দেখা যাচ্ছে তাদের মুখে।বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের কৃষক রাজু আহমেদ জানান, এ বছর আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও ধানের ফলন আশানুরূপের চেয়েও ভালো হয়েছে। তিনি বলেন, “আরও কয়েকদিন আবহাওয়া অনুকূলে থাকলে নির্বিঘ্নে সব ধান ঘরে তুলতে পারবো।”

কৃষকদের ভাষ্য, শুধু ধান নয়, এ বছর অন্যান্য ফসলের উৎপাদনও সন্তোষজনক হয়েছে। এতে তারা আগামী দিনগুলো নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

ধান কাটার এই মৌসুমকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে প্রাণচাঞ্চল্য বেড়েছে। কৃষকেরা মনে করছেন, এ বাম্পার ফলন তাদের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।