লামায় পর্যটনের প্রসার, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে বাড়ছে গুরুত্ব


লামা ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
লামায় পর্যটনের প্রসার, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে বাড়ছে গুরুত্ব

বান্দরবানের লামা উপজেলা ধীরে ধীরে দেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। সবুজ পাহাড়, নির্মল পরিবেশ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় করছেন এখানে।

পর্যটকদের বাড়তি আগ্রহকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় গড়ে উঠেছে শতাধিক আধুনিক ও দৃষ্টিনন্দন রিসোর্ট। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পর্যটন খাতের এই বিকাশ লামাকে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে উন্নয়নের এই ধারা যেন কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ড বা মাদক বিস্তারের আড়াল না হয়ে ওঠে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ভ্রমণপ্রেমী ও স্থানীয়রা। তারা মনে করছেন, পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপনসহ নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।

এছাড়া রিসোর্ট মালিক সমিতি ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে লামা তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একটি নিরাপদ ও আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে আরও সুপরিচিত হয়ে উঠবে।