মুরাদনগরে মানসিক যন্ত্রণার অবসান ঘটিয়ে গৃহবধূর আত্মহত্যা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
মুরাদনগরে মানসিক যন্ত্রণার অবসান ঘটিয়ে গৃহবধূর আত্মহত্যা
কুমিল্লার মুরাদনগরে রহিমা বেগম (৩২) নামে তিন সন্তানের জননীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম একই গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে গত দুই বছর ধরে রহিমা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার স্বামী বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার চেষ্টা করা হচ্ছিল।
ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হানিফ জানান, ঘটনার সময় নিহতের স্বামী চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আনতে ঢাকায় অবস্থান করছিলেন। পরিবারের দাবি, রহিমা বেগমের বাবাও একই ধরনের মানসিক সমস্যায় ভুগে মৃত্যুবরণ করেছিলেন। ফলে বিষয়টি বংশগত হতে পারে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাটি তিনি মোবাইল ফোনে জেনেছেন এবং লাশ উদ্ধারে পুলিশ কাজ করছে।