মির্জা আব্বাস কবে দেশে ফিরতে পারেন, জানালেন স্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
মির্জা আব্বাস কবে দেশে ফিরতে পারেন, জানালেন স্ত্রী

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত রয়েছেন। সবকিছু অনুকূলে থাকলে আগামী পবিত্র ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৫ মে) এক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল উন্নত ফিজিওথেরাপির প্রয়োজনীয়তার কারণে তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ধাপে ধাপে তার শারীরিক সক্ষমতা ফিরে আসছে বলেও জানা গেছে।

আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে প্রাথমিক চিকিৎসা শেষে দীর্ঘমেয়াদে শারীরিক সক্ষমতা ফিরে পেতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার সুস্থতার অগ্রগতি ইতিবাচক বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।