
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক এবং আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ অব কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন। সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের ঘনিষ্ঠজন ও পারভীন হক সিকদারের ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রন হক সিকদারের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কারণ জানানো হয়নি। সিকদার গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, তিনি প্রায় এক সপ্তাহ আগে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন তিনি।
রন হক সিকদার দেশের ব্যবসায়ী মহলে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম। বিশেষ করে ন্যাশনাল ব্যাংক-এর সাবেক পরিচালক হিসেবে তার নাম বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে বারবার আলোচনায় আসে। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকের ঋণ অনিয়মসহ নানা বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
২০২৪ সালের এপ্রিলে দুর্নীতি দমন কমিশন (দুদক) রন হক সিকদার এবং তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করে। অভিযোগে বলা হয়, মোট প্রায় ৭১ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
এর আগে ২০২০ সালে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। পাশাপাশি মানিলন্ডারিং, অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। অভিযোগের মুখে দীর্ঘদিন ধরে রন হক সিকদার থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ব্যবসায়িক জীবনে নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্যেই তার মৃত্যু ঘটল। তার মৃত্যুতে সিকদার পরিবারের ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :