ভারতের রাজনৈতিক পরিস্থিতি বা কোন দল ক্ষমতায় এলো—এ বিষয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো বাংলাদেশের অবস্থান।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের জনগণ তাদের নিজস্ব সরকার নির্বাচন করেছে এবং সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তাই বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য না করে নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা মূল বিষয় নয়। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে।” তিনি আরও বলেন, ভারতের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, এজন্য তাদের প্রতি শুভেচ্ছা জানানো উচিত।
তিনি সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান এবং বলেন, দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা নেই, তাই বিরোধী মতামতকে গুরুত্ব দিতে হবে। তার মতে, নারী নেতৃত্বকেও আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে জনগণের চাহিদা ও ভাবনার ভিত্তিতে। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি অবশ্যই জনগণের স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হওয়া উচিত এবং সেই নীতি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে মন্তব্য না করে কূটনৈতিক ভারসাম্য ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপরই জোর দিচ্ছে বিএনপি নেতৃত্ব।
আপনার মতামত লিখুন :