বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, ইসির বিজ্ঞপ্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, ইসির বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। সোমবার (৪ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নম্বর-৫০২২/২০২৬)-এর ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে তার মনোনয়নপত্র গ্রহণ করে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরপর জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। তবে পরবর্তীতে আদালতের আদেশে তার মনোনয়ন গ্রহণের সুযোগ তৈরি হয়।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সদস্যের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই তালিকায় দলভিত্তিক বণ্টনে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের জন্য গেজেট পাঠানো হবে জাতীয় সংসদ সচিবালয়-এ।