বিজেপির জয় অনৈতিক, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
বিজেপির জয় অনৈতিক, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ভরাডুবির মুখে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘোষিত ফলাফলকে ‘অনৈতিক জয়’ বলে মন্তব্য করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা ২০৬টি আসনে জয়লাভ করেছে বলে জানা গেছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সোমবার ফলাফল ঘোষণা করা হয়।

এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা পরাজিত হয়েছেন বলে জানা গেছে। এমনকি ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-এর কাছে।

ভোটগণনার দিন কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্রে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় পর সেখানে শুভেন্দু অধিকারীও যান। তবে বিকেলের দিকে গণনা শেষ হওয়ার আগেই তিনি কেন্দ্র ত্যাগ করেন। গণনাকেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা অভিযোগ করেন, তাকে কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তার দাবি, “পুরো প্রক্রিয়াই একতরফা ছিল, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, এমনকি মারধর করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, সিআরপিএফ-এর উপস্থিতিতেই এসব ঘটনা ঘটেছে এবং তাকে প্রার্থী হওয়া সত্ত্বেও গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। মমতার ভাষায়, “১০০টিরও বেশি আসনে লুট হয়েছে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে। এটি কোনো নৈতিক জয় নয়, এটি ইমমোরাল ভিক্ট্রি।” তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন। পরে তিনি কালীঘাটের বাসভবনে ফিরে যান।

এদিকে নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার কালীঘাটে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দলের ভবিষ্যৎ কৌশল ও নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানা গেছে।