বাবার স্মৃতিকে ধারণ করে শপথ, দুই রাজনৈতিক চাচাকে নিয়ে এমপি তুলির আবেগঘন মুহূর্ত


লালপুর উপজেলা প্রতিনিধি,শামসুল ইসলাম প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
বাবার স্মৃতিকে ধারণ করে শপথ, দুই রাজনৈতিক চাচাকে নিয়ে এমপি তুলির আবেগঘন মুহূর্ত

বাবা আর নেই, তবুও তার রাজনৈতিক আদর্শ ও স্মৃতিকে বুকে ধারণ করেই শপথ গ্রহণ করলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। এ সময় বাবার সহযোদ্ধা দুই প্রবীণ নেতাকে পাশে রেখে তিনি কাটান এক আবেগঘন মুহূর্ত।

সোমবার (৪ মে) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তুলি জানান, বাবার অনুপস্থিতিতেও তার স্মৃতিকে সম্মান জানাতে বিএনপির রাজনীতিতে বাবার সঙ্গে যুক্ত থাকা এলাকার দুই প্রবীণ নেতাকে নিয়ে শপথ গ্রহণে অংশ নেন তিনি। এই বিশেষ মুহূর্তটিকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, তার বাবা মরহুম মো. আক্তার হোসেন ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার বাবার ঘনিষ্ঠ সহকর্মী নুহু চাচা ও মজিদ চাচার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি। সেই সম্পর্কের সম্মান জানাতেই তাদের পাশে রেখেই শপথ গ্রহণ করেন তুলি।

রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। ধনী-গরিব, কৃষক-শ্রমিক, জেলে, শিক্ষক, নারী-পুরুষ নির্বিশেষে সবার কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় তুলি বিএনপির দুঃসময়ে নির্যাতিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তিনি ইডেন কলেজ ছাত্রদলসহ কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জিয়া স্মৃতি পাঠাগারের সমন্বয়ক টিম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ইতোমধ্যে লালপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানা গেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলেও স্থানীয়দের অভিমত।