বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক

বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা। তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অঞ্চলের জন্য একটি ইতিবাচক উদাহরণ।

সোমবার (৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করে। পাশাপাশি উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

মন্ত্রী বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। তিনি আরও উল্লেখ করেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই ভবিষ্যতে টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।