পিরোজপুরের সব সড়ক দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
পিরোজপুরের সব সড়ক দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

পিরোজপুর জেলার সব সড়ক দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় জেলার সড়ক অবকাঠামোর বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনার ওপর তিনি জোর দেন।

তিনি আরও বলেন, পিরোজপুরের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশও দেন তিনি।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা পিরোজপুর জেলার এলজিইডি প্রকল্পগুলোর পূর্ববর্তী অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠে আসে। কর্মকর্তারা জানান, পূর্ববর্তী সময়ে কিছু প্রকল্পে অনিয়মের ঘটনা ঘটেছে, যা উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।