
পশ্চিমবঙ্গে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচন ভারতের বিষয় এবং এতে বাংলাদেশের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি “অ্যাক্রস দ্য বোর্ড” একই থাকবে। তিনি আরও বলেন, “বাংলাদেশ ফার্স্ট” নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, যেই সরকারই ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেবে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন নীতিগত অবস্থানকে প্রভাবিত করবে না।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও সহযোগিতার নীতিতে অটল থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সোমবার (৪ মে) নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয় পেয়েছে বিজেপি প্রার্থীরা। এই রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় থাকবে বলে সরকারের পক্ষ থেকে আবারও স্পষ্ট করা হলো।
আপনার মতামত লিখুন :