নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ


মোঃ কায়েস উদ্দিন (বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালত বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকেও শিশুটিকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে ৭ বছর বয়সী এক শিশুর নাম উল্লেখ করা হয় এবং তাকে আদালতে হাজির করা হয়। পরে শিশুটি জামিনের আবেদন করলে আদালত বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

মামলার কাগজপত্র ও নথিপত্র পর্যালোচনা করে আদালত দেখতে পান, মামলার এজাহারে বাদী শাহানুর রহমান ওই শিশুর বয়স ২১ বছর উল্লেখ করেছেন। তবে জন্মনিবন্ধন যাচাই করে দেখা যায়, ঘটনার সময় তার প্রকৃত বয়স ছিল মাত্র ৭ বছর। শিশুটি উপজেলার ধারাবারিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেন। পাশাপাশি কেন এ ধরনের ভুল তথ্য মামলায় উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বাদী এবং তদন্তকারী কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে বাদী ও তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন, সাত দিনের মধ্যে শিশুটিকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।

এছাড়া আদালত মিথ্যা তথ্য প্রদান ও ভুল বয়স উল্লেখ করার অভিযোগে মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনজীবী ও সংশ্লিষ্টরা বলছেন, একটি অপ্রাপ্তবয়স্ক শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলায় জড়ানো গুরুতর অনিয়ম এবং বিচার ব্যবস্থার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে।