
সরকার সামরিক বাহিনীকে আরও জনমুখী ও জনসম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। মঙ্গলবার (৫ মে) চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ড. শামছুল ইসলাম বলেন, একটি পেশাদার, দক্ষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিগত জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
চলমান চারদিনব্যাপী ডিসি সম্মেলনকে মাঠ প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। গত ৩ মে উদ্বোধন হওয়া এই সম্মেলন শেষ হবে ৬ মে। এতে জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পেয়েছে। এছাড়া রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় ও কার্য-অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :