চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে চাংশা শহরে অবস্থিত ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত হওয়ায় বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার খবরে বলা হয়, বিস্ফোরণের পরপরই কারখানার বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এতে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে বিস্ফোরণের ভয়াবহতা ফুটে উঠলেও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এসব ফুটেজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। অপরদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, দুর্ঘটনার পর প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেন।
ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনকে শিল্পকারখানাগুলোতে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
বিশ্লেষকদের মতে, চীনে আতশবাজি শিল্প একটি বড় অর্থনৈতিক খাত। ‘অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি’র তথ্য অনুযায়ী, গত বছর দেশটি প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক বাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।
উল্লেখ্য, বড় ধরনের দুর্ঘটনার পর চীনের কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণত দ্রুত নির্দেশনা দিয়ে থাকে। সাম্প্রতিক এই বিস্ফোরণও দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আপনার মতামত লিখুন :