কেরালার রাজনীতিতে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে। সেখানে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর প্রার্থী ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই (এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে এই গুরুত্বপূর্ণ আসনে জয় নিশ্চিত করেন।
৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। এই জয়ের মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক (এমএলএ) হিসেবে নতুন নজির স্থাপন করেছেন।
কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পেশাগতভাবে তিনি একজন আইনজীবী। তিনি কোজিকোড সরকারি আইন কলেজ থেকে এলএলবি এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন।
নির্বাচনী প্রচারণার সময় তাহলিয়া নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির অভিযোগ তোলেন। বিশেষ করে হিজাব পরিহিত একজন মুসলিম তরুণী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূ মন্তব্য ছড়ানো হয় বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিকূলতা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত দিচ্ছে এবং রাজ্যে ভবিষ্যৎ নির্বাচনী প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলতে পারে।
আপনার মতামত লিখুন :