ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়। এরপর চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে বাদী ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়।

ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক বলে জানা গেছে। এদিকে মামলার অগ্রগতি নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের। আদালতের নতুন তারিখ অনুযায়ী ১৭ মে সিআইডির প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।