ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পরদিন ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট এবং ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট। একই ধারাবাহিকতায় ১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।

অন্যদিকে, ঈদের পর ফিরতি যাত্রার জন্য ২১ মে থেকে টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা এবং ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে। তবে এই অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না।

এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তাই আগাম টিকিট সংগ্রহের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।