আমলাদের শাসক নয়, সেবক হতে হবে: স্পিকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
আমলাদের শাসক নয়, সেবক হতে হবে: স্পিকার

আগামী দিনগুলোতে রাষ্ট্র পরিচালনায় আমলাদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রকে অর্থবহ করতে হলে প্রশাসনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

সোমবার (৪ মে) জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করতে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্বাচন ব্যবস্থা নানা অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্নবিদ্ধ ছিল। ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, “রাষ্ট্রের ব্যুরোক্রেসি যদি সঠিকভাবে কাজ করে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। তাই আমলাদের শাসকের মানসিকতা পরিহার করে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”

বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী উল্লেখ করে স্পিকার বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগ অনস্বীকার্য। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সাহস ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র এবং সুস্থ বিতর্ক সংসদকে আরও শক্তিশালী করে। সংসদে প্রণীত আইন বাস্তবায়নে নির্বাহী বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, জেলা প্রশাসকরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন এবং মাঠ প্রশাসনে সরকারি নীতিমালা বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য রাখেন। জেলা প্রশাসকদের পক্ষ থেকে বক্তব্য দেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং রাজশাহী বিভাগের কমিশনার এ এন এম বজলুর রশীদ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।