সীতাকুণ্ড বাসীর দৃষ্টি আদালতের রায়ের দিকে, শপথের অপেক্ষায় আসলাম চৌধুরী


সীতাকুণ্ড ক্রাইম রিপোর্টার, সেলিম  প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
সীতাকুণ্ড বাসীর দৃষ্টি আদালতের রায়ের দিকে, শপথের অপেক্ষায় আসলাম চৌধুরী

চট্টগ্রামের সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ’র শপথ গ্রহণ ইস্যুতে মঙ্গলবার (৫ মে) গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের আইনি জটিলতার পর এ শুনানিকে ঘিরে সীতাকুণ্ডসহ পুরো চট্টগ্রামজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি তিনি। ফলে আজকের আদালতের রায়কে তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়ের ওপর নির্ভর করছে তিনি শপথ গ্রহণ করতে পারবেন কি না।

দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আদালত ইতিবাচক সিদ্ধান্ত দিলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং দ্রুতই তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে পারবেন। ইতোমধ্যে সীতাকুণ্ড ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় চায়ের দোকান, বাজার ও বিভিন্ন আড্ডায় এ বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আসলাম চৌধুরীর ঘনিষ্ঠরা জানান, তিনি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করছেন এবং আদালতের সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

দলীয় সূত্রের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং দীর্ঘ সময় কারাবরণ করেছেন। সমর্থকদের মতে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, যার প্রভাব তার ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনীতির পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালতই। তাই এখন সবার নজর সেই রায়ের দিকে, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার ইতি টেনে তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।