তিন দিনের সরকারি সফরে আজ (মঙ্গলবার) চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বেইজিং সফর। চীনা কমিউনিস্ট পার্টির (চীনা কমিউনিস্ট পার্টি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে ড. খলিলুর রহমান ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক দিক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট—নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের মধ্যে সমন্বয় বাড়ানোর দিকেও নজর থাকবে আলোচনায়।
চীন সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও জোরদার করার পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) আওতায় সহযোগিতা বাড়ানোর আশাবাদও ব্যক্ত করেছে বেইজিং।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :