
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হতাশার মধ্যেই শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে তাকে তিরস্কার করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়ার সময় জ্যোতি নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। আইসিসির ভাষ্য অনুযায়ী, এটি ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে গণ্য করা হয়েছে, যা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায়, গত ২৪ মাসে এটি নিগার সুলতানা জ্যোতির প্রথম অপরাধ। তিনি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের ঘটনায় অভিযোগ দায়ের করেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার এলোইস শেরিডান ও সাথিরা জাকির জেসি। এছাড়া তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার চম্পা চাকমাও তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
আইসিসির লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সাধারণত তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে। জ্যোতির ক্ষেত্রে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী দলের জন্য সিরিজটি যেমন মাঠের পারফরম্যান্সে হতাশার, তেমনি মাঠের বাইরের এই ঘটনা অধিনায়কের জন্য বাড়তি চাপ তৈরি করল। ক্রিকেট বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারাই এমন পরিস্থিতির জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :