
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার বিসিবির ক্লিনিং সার্ভিস ব্যবস্থাপনায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তিনি।
সোমবার (৪ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল জানান, বিসিবির স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করেন। তার ভাষায়, ক্লিনিং সার্ভিসের মাধ্যমে কর্মীদের জনপ্রতি ৬৫০ টাকা করে দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা মাত্র ৩০০ টাকা পর্যন্ত পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তামিম ইকবাল বলেন, “আমি যখন জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা দিলে তারা ৩০০ টাকা কেন পাচ্ছে, তখন বিষয়টি আমাকে অবাক করেছে। যারা দিন শেষে অল্প আয়ে কাজ করেন, তাদের কাছ থেকেও এভাবে টাকা কেটে নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।”
তিনি আরও জানান, ২০০৭ সালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চালুর পর থেকে এর ওয়াশরুম বা বাথরুম ব্যবস্থায় বড় কোনো সংস্কার হয়নি, যা পরিদর্শনের সময় তার নজরে এসেছে।
পরিদর্শনের সময় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর বক্তব্যও উল্লেখ করেন বিসিবি সভাপতি। ওই কর্মী জানান, তারা প্রতিদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক পান এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া বিদেশি দর্শনার্থীর কাছ থেকেও স্টেডিয়ামের ওয়াশরুমের অবস্থা নিয়ে অভিযোগ পাওয়ার কথা জানান তামিম ইকবাল। বিষয়টি তাকে বিব্রত করেছে এবং দ্রুত উন্নয়ন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ক্লিনিং সার্ভিস ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চুক্তি বাতিল ও প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার পদক্ষেপও নেওয়া হতে পারে। বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যে নজরে নেওয়া হয়েছে এবং অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে।
আপনার মতামত লিখুন :