
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে উভয় পক্ষ চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিদায়ী সাক্ষাৎ দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :