আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গত মাসে দায়িত্ব গ্রহণ করে। এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আগেই প্রকাশ করেছেন কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের তৃতীয় বোর্ড সভা হলেও এবারের সভাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে নির্বাচন সংক্রান্ত রূপরেখা নির্ধারণের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।
সোমবার (৪ মে) বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে এই বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশন গঠন, ভোটের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া সভার আলোচ্যসূচিতে রয়েছে জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়ন, আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি এবং ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সংক্রান্ত বিভিন্ন বিষয়।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এই সভার মাধ্যমে বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া আরও স্পষ্ট হবে এবং বোর্ডের প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ ধাপ তৈরি হতে পারে।
আপনার মতামত লিখুন :