
পুলিশের ১৬ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি ‘মন্ত্রণালয়ের রুটিন কাজ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক ব্যবস্থা—এসব কার্যক্রম নিয়মিতভাবেই পরিচালিত হয় এবং এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া গেছে কি না—মন্ত্রী বলেন, “এগুলো মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়। যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা নিশ্চিত করেছি, যেন কারো প্রতি কোনো ধরনের অবিচার না হয়।”
এর আগে, রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
এছাড়া পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীও অবসরে গেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ফারহাত আহমেদও এই তালিকায় রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, যা নিয়ে প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :