হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের জন্য আগামী তিন মাস মাসিক ৭ হাজার ৫০০ টাকা করে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, হাওড় অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকদের জন্য মাসিক সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস চলবে।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন করা এবং উৎপাদনে ফিরিয়ে আনা। এ সময় ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেন। তারা এ সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন।

জবাবে কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এই সংকট মোকাবিলার পরিকল্পনা করছে সরকার। এর আগে ৩ মে মন্ত্রী বলেছিলেন, হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় সরকার পাশে থাকবে এবং তিন মাসব্যাপী সহায়তা কার্যক্রম চলবে।