
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ২ জন এবং সন্দেহজনক হামে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে ২৫ হাজার ১৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সন্দেহজনক হামে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জন এবং সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :