শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের অপহরণ: পশু চিকিৎসক উদ্ধার, আটক ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের অপহরণ: পশু চিকিৎসক উদ্ধার, আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৪ মে) সকাল পৌনে ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহামুদুল হাসান ডন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ মে সকাল সাড়ে ১০টার দিকে গরুর চিকিৎসার কথা বলে অনিমেষকে সুন্দরবন বাজার থেকে ডেকে নিয়ে যায় ট্যাংরাখালীর আশরাফ নামে এক ব্যক্তি। পরে তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে গিয়ে তার মোবাইল ফোন থেকেই স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

ঘটনার পর শনিবার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। রবিবার রাতে অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী মুক্তিপণের আংশিক অর্থ নিয়ে মীরগাং এলাকায় যান অনিমেষের স্ত্রী ও স্বজনরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে সোমবার সকালে কোস্টগার্ড, পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান শুরু হওয়ার আগেই অপহরণকারীরা ধোলাই খাল এলাকায় একটি জেলে নৌকায় করে অনিমেষকে ছেড়ে দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, অপহরণের পরিকল্পনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় মাহামুদুল হাসানকে আটক করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।