
নাটোরের লালপুর উপজেলায় ওয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। গত রবিবার সকালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তিনি টেকসই উন্নয়নের স্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
৭নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুন্নবী দুলু, সাবেক ইউপি সদস্য আমীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে, যা কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :