
চট্টগ্রামের রাউজান থানায় আলোচিত কাউসার জামান বাবলু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি টিপুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৩ মে) রাতে কুমিল্লার বুড়িচং থানা এলাকার নিমসার বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ চট্টগ্রাম এবং র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয়। আটক টিপু রাউজান থানার রহমতপাড়া এলাকার করিম ওরফে চুনা করিমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে কাউসার জামান বাবলু হত্যার ঘটনায় রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২১, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি)। ঘটনার পর থেকেই আসামি টিপু আত্মগোপনে চলে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি কুমিল্লার বুড়িচং এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-৭ ও র্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাবলু হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আসামি গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :