মে মাসের প্রথম ৩ দিনে এলো ৩১ কোটি ডলার রেমিট্যান্স


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
মে মাসের প্রথম ৩ দিনে এলো ৩১ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম তিন দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। এই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৫০ লাখ ডলার।

সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে এই তিন দিনে রেমিট্যান্স এসেছিল মাত্র ৮ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে।

এর আগের মাসগুলোতেও ধারাবাহিক প্রবাহ দেখা গেছে। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স। অর্থনীতিবিদরা বলছেন, ধারাবাহিকভাবে রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।