মেন্ডি ডেন্টালের গভর্নিং বডির চেয়ারম্যান বিএমইউর প্রক্টর ডা. ফরহাদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
মেন্ডি ডেন্টালের গভর্নিং বডির চেয়ারম্যান বিএমইউর প্রক্টর ডা. ফরহাদ

রাজধানীর মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। রোববার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওবায়দুল ইসলাম এই মনোনয়ন প্রদান করেছেন। নবগঠিত এই গভর্নিং বডির মেয়াদ প্রথম সভা থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত বহাল থাকবে।

জানা গেছে, অধ্যাপক ডা. শেখ ফরহাদ বর্তমানে বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি একজন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

গভর্নিং বডির অন্যান্য সদস্যদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা। এছাড়া একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিত সুলতানাকে মনোনীত করা হয়েছে।

অধ্যাপক ডা. শেখ ফরহাদ ২০০০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) সম্পন্ন করেন এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি লাভ করেন।

১৯৭২ সালের ৭ মে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ এবং মাতা মরহুমা ফিরোজা বেগম। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত। তার সহধর্মিনী ডা. আঞ্জুমান আরা বিএমইউর সহকারী অধ্যাপক এবং অবস ও গাইনি বিশেষজ্ঞ।

নতুন দায়িত্বে অধ্যাপক ডা. শেখ ফরহাদের নেতৃত্বে মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।