মুরাদনগরে অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
মুরাদনগরে অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তগদিরের ছেলে রাব্বি (২৩) এবং মধ্যনগর সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাব্বি ও সাগর মুরাদনগর পশু হাসপাতালের পেছনে ইয়াবাসহ অবস্থান করছিলেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির প্রায় ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।