
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে তারা এ অর্থ উত্তোলন করতে পারবেন।
রোববার (৩ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের জন্য নির্ধারিত চারটি চেক ইতোমধ্যে বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
চেকগুলো অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। অধিদপ্তরের এ সিদ্ধান্তে বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :