পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে তাদের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকরা পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যেও সন্তুষ্টি নেই। তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি, বিদ্যমান পোশাকটি সেভাবে গ্রহণযোগ্য হয়নি। শুদ্ধ বাংলায় বলতে গেলে এটি মানানসই হয়নি। এ কারণে পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেছি।”
তিনি আরও জানান, নতুন ইউনিফর্ম নির্ধারণে ঐতিহ্যবাহী উপাদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগের শার্ট বা উপরের অংশ বহাল রাখা হলেও নিচের অংশে পরিবর্তন আনা হয়েছে। নতুন পোশাকে প্যান্ট বা পায়জামা হিসেবে খাকি রঙের ব্যবহার রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেই একটি গ্রহণযোগ্য পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এটি বাস্তবে পরিধান করতে কিছুটা সময় লাগবে। কারণ পোশাক প্রস্তুত, কাপড় উৎপাদন এবং সরবরাহের বিষয়গুলো জড়িত রয়েছে।” তিনি আরও জানান, নতুন ইউনিফর্ম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে।
এদিকে, এক সাংবাদিককে বিদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।পুলিশের পোশাক পরিবর্তনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা করছেন, নতুন ইউনিফর্ম বাহিনীর পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।
আপনার মতামত লিখুন :