
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় ধরনের অগ্রগতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দলের ‘অগণিত’ কর্মীর দীর্ঘদিনের পরিশ্রম ও সংগ্রামকে এই ফলের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বিজেপি কর্মীদের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ ছাড়া পশ্চিমবঙ্গে এই অর্জন সম্ভব হতো না।
মোদি আরও লিখেছেন, মাঠপর্যায়ে বছরের পর বছর কাজ করে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তারা দলের উন্নয়ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার ভাষায়, “তারাই আমাদের দলের প্রকৃত শক্তি।”
এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গণনায় ২৯৪ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ২০৫টি আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে।
এই ফলাফল যদি চূড়ান্ত হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে রাজ্যটিতে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস-এর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভোট গণনার এই প্রবণতা বিজেপির পক্ষে গেলে রাজ্যে ক্ষমতার পালাবদলের সম্ভাবনাও তৈরি হতে পারে।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। ফলে শেষ মুহূর্তে পরিস্থিতি কী দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো অপেক্ষা ও উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :