
দেশের তৃণমূল ফুটবলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৫ পর্যায়ে নতুন বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে। গত বছর দেশজুড়ে আয়োজিত জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ থেকে নির্বাচিত ১২৮ জন ফুটবলারের মধ্য থেকে এবার চূড়ান্ত পর্যায়ে ৩৬ জন ফুটবলারকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে।
গত বছর অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারের বেশি তরুণ ফুটবলার অংশ নেন। সেখান থেকে প্রাথমিকভাবে ১২৮ জনকে বাছাই করে পরবর্তী পর্যায়ের ট্রায়ালের জন্য ডাকা হয়। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে কয়েক দিন ধরে চলা এই ট্রায়াল শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম জানান, নির্বাচিত ৩৬ জন ফুটবলার ভবিষ্যতে বয়সভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন। তিনি বলেন, “ফুটবলের উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বাছাই কার্যক্রম সম্পন্ন করেছি। সামনে অন্যান্য বয়সভিত্তিক ক্যাটাগরিতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।”
বাফুফে কর্মকর্তারা মনে করছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে এনে দীর্ঘমেয়াদে জাতীয় দলের ভিত্তি শক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। েউল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর তরুণ ফুটবলের প্রতি নতুন করে গুরুত্ব দিচ্ছে বাফুফে। এর অংশ হিসেবেই গত বছরের মতো এবারও দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফেডারেশনের আশা, ধারাবাহিক এ ধরনের বাছাই ও প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে, যারা জাতীয় দলের শক্তি বাড়াবে।
আপনার মতামত লিখুন :