তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন


অনলাইন ডেস্ক 2 প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথাও জানান তিনি।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত দুই মাসে ঘোষিত ম্যানিফেস্টোর বিভিন্ন দিক ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগের মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে সমন্বিত করে একটি আধুনিক মানবসম্পদ গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়া বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অদক্ষ শ্রমশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতিতে গতি আসবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।সরকারের এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।