
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করতে আলাদাভাবে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ডিসি সম্মেলনের চতুর্থ কার্য-অধিবেশন শেষে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার সমন্বিত ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিচ্ছে। আমদানি পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআই-নির্ভর একটি মডেলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, টিসিবির সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত নতুন উপদেষ্টা পরিষদ নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখবে। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে বিভিন্ন উন্নয়ন প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে বন্ধ চিনিকল চালু, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং ডিস্টিলারি পণ্যের রপ্তানি সুযোগ সৃষ্টি।
তিনি জোর দিয়ে বলেন, জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার রুগ্ণ শিল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এসব শিল্প পুনরুজ্জীবন, আধুনিকায়ন এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষিপণ্যের ক্ষেত্রে উৎপাদক ও খুচরা পর্যায়ের দামের মধ্যে বড় ব্যবধান রয়েছে, যা দীর্ঘদিনের সমস্যা। এ অবস্থায় সরকার একটি সমন্বিত বাজার ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলছে।
তিনি আরও জানান, আমদানিনির্ভর পণ্যের জন্য একটি কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বৈশ্বিক বাজারে অস্থিরতা বা সরবরাহ সংকট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়া ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, লবণ সরবরাহ, প্রশিক্ষণ ও প্রচারের মাধ্যমে চামড়া সংরক্ষণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ঈদের পর নির্দিষ্ট সময় পর্যন্ত চামড়া পরিবহন নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে।
বন্ধ মিল চালুর বিষয়ে তিনি জানান, বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি মিল পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে অনেক মিল ইতোমধ্যে হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোও দ্রুত সম্পন্ন হবে। আগামী এক বছরের মধ্যে এসব মিল চালু হয়ে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :