দেশ ও গণতন্ত্রের পক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে নবনিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মির্জা ফখরুল বলেন, দেশের নারী সংসদ সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবেন বলে তিনি আশাবাদী। তিনি মনে করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।
এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও নিজেদের প্রত্যাশার কথা জানান। তারা বলেন, সংসদে গিয়ে তারা কার্যকর ভূমিকা রাখবেন এবং বিশেষ করে নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে কাজ করবেন।
এর আগে রোববার রাতে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। এদিকে জামায়াত জোট থেকে বাদ পড়া এক প্রার্থী ও একটি আসন সংক্রান্ত বিষয় এখনো নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :