এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতি বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতি বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এশিয়ান টিভির জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩ মে) আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হঠাৎ করে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তাদের পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা কারণ দর্শানো ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা কর্মীদের এভাবে ছাঁটাই করাকে তারা অমানবিক ও অন্যায্য বলে আখ্যা দেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, দেশের গণমাধ্যমের অগ্রগতিতে মাঠপর্যায়ের সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিনা নোটিশে অপসারণ করা শুধু অন্যায় নয়, বরং সাংবাদিকতার মর্যাদারও অবমাননা। তিনি অবিলম্বে চাকরিচ্যুত প্রতিনিধিদের পুনর্বহালের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সিদ্ধিরগঞ্জের প্রতিনিধি মো. ফারুক হোসেন বলেন, তিনি প্রায় আট বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো—এ প্রশ্নও তোলেন তিনি।

জামালপুরের এক প্রতিনিধি বলেন, এশিয়ান টিভির বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে মাঠপর্যায়ের প্রতিনিধিদের নিরলস পরিশ্রম রয়েছে। তাদের বাদ দিয়ে প্রতিষ্ঠান এগোতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

বক্তারা আরও জানান, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ গণমাধ্যমের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। তাই দ্রুত চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সবাইকে স্বপদে বহাল করার দাবি জানান তারা।

মানববন্ধনে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক ছাড়াও নারায়ণগঞ্জ, জামালপুর, গাজীপুর, বরিশাল ও যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

বক্তারা সতর্ক করে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।