এবার ইউরোপের ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এবার ইউরোপের ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত ইউরোপের শেনজেনভুক্ত ২৯ দেশের দূতাবাসগুলো। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থান না করার বিষয়ে কড়াভাবে সতর্ক করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে শেনজেন অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং পরবর্তী সময়ে ভিসা পাওয়াও কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনো শেনজেনভুক্ত দেশে অবস্থান করলে তা গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

দূতাবাসগুলো স্পষ্ট করে জানায়, “ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করেন, তবে তার বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে ভিসা প্রত্যাখ্যান বা নিষেধাজ্ঞা এড়াতে সবাইকে ভিসার নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।”

শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একটি একক ভিসার মাধ্যমে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে। তবে এই ভিসা নির্দিষ্ট সময়ের জন্যই বৈধ এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অবস্থান করা আইনত দণ্ডনীয়।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসার শর্ত লঙ্ঘনের কিছু ঘটনা বাড়ায় এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ভিসা প্রক্রিয়ায় কঠোরতা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই বিদেশ ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।