এটি ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
এটি ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদের প্রথম অধিবেশন “ব্যর্থ” হয়েছে বলে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুরোনো রাজনৈতিক অবস্থান। তিনি বলেন, “বিরোধী দলের সদস্যরা তাদের মতামত দিতে পারেন, আমরা আমাদের মত দিয়েছি।”

মন্ত্রী দাবি করেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত ও গতিশীল। তার ভাষায়, এটি ছিল “সবচেয়ে লাইভলি ও ভাইব্রেন্ট অধিবেশন”।

তিনি আরও বলেন, এই অধিবেশনে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে দুই পক্ষ একসঙ্গে কমিটিতেও কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক। সরকারি ও বিরোধী দলের মধ্যে ভিন্নমত থাকলেও তা পারস্পরিক শ্রদ্ধার মধ্যেই প্রকাশিত হয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে সমন্বিত ব্যবস্থাপনা, ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মাদক প্রবাহ বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার নিয়মিতভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।