
নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে একতরফা আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবুর নেতৃত্বে একাধিক নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা রয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে বলেও তারা দাবি করেন, যার ফলে সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে সকলের অংশগ্রহণের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। বিক্ষোভ শেষে মিছিলটি নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :